চ্যাম্পিয়ন পিএসজিকে কি হারাতে পারবে বার্সা

চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের দ্বিতীয় ম্যাচের দিনটিতে অপেক্ষা করছে নানা নাটকীয়তা আর রোমাঞ্চ। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর পুনরাবৃত্তি ম্যাচে মুখোমুখি হয়েছে চেলসি ও বেনফিকা। ইস্তাম্বুলে বর্তমান তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়ন গ্যালাতাসারেই আতিথ্য দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে। ইতালিয়ান সিরি-আ শিরোপাজয়ী নাপোলির খেলা পর্তুগিজ লিগ চ্যাম্পিয়ন স্পোর্টিংয়ের বিপক্ষে। তবে সেরা আকর্ষণ নির্দ্বিধায় বুধবার বার্সেলোনায়, যেখানে ইউরোপ ও ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লড়বে স্পেনের শিরোপাধারী বার্সেলোনার বিপক্ষে। এবারের আসরের এটিই এখন অব্দি হওয়া সবচেয়ে বড় ম্যাচ।

 পিএসজি মাঠে নামবে কিছু গুরুত্বপূর্ণ অনুপস্থিতি নিয়ে। নতুন ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, তার ফরাসি সতীর্থ ডেসিরে দুয়ে এবং খিচা কাভারেস্কাইয়া নেই স্কোয়াডে। তবুও সমর্থকদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে পর্তুগিজ ত্রয়ী নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনহার সঙ্গে আশরাফ হাকিমি আছেন শূন্যস্থান পূরণে। গত মৌসুমে ফাইনালে পিএসজি ও বার্সেলোনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু সেমিফাইনালে বার্সেলোনা ৭-৬ ব্যবধানে হেরে যায় ইন্তার মিলানের কাছে। এরপর ফাইনালে ইন্তারকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। তাই এবার স্পেনের এই লড়াই হতে যাচ্ছে নিঃসন্দেহে বিশ্বসেরাদের এক মহারণ।

শনিবার অজিয়েরের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে থাকা ১১ জনের মধ্যে কেবল গোলরক্ষক লুকাস শেভালিয়ে ও মিডফিল্ডের মেট্রোনোম ভিতিনহার জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে বার্সার বিপক্ষে। ডিফেন্সে লুকাস হার্নান্দেজ, লুকাস বেরালদো, ইলিয়া জাবার্নি ও ওয়ারেন জায়ার-এমেরির জায়গায় আসবেন নুনো মেন্ডেস, উইলিয়ান পাচো, মারকিনহোস ও আশরাফ হাকিমি। মাঝমাঠে কাং-ইন লি ও সেনি মায়ুলুর জায়গায় খেলবেন ফাবিয়ান রুইজ ও জোয়াও নেভেস।

অ্যাটলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের লজ্জাজনক হারের পর রিয়াল মাদ্রিদের হোঁচটকে পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে আসে কাতালানরা। এই মৌসুমে তৃতীয়বারের মতো পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছে হানসি ফ্লিকের দল। জুল কুন্দে ও রবার্ট লেভানডফস্কির দুই অর্ধের গোল নিশ্চিত করেছে বার্সার জয়। টানা পাঁচ ম্যাচ ধরে জিতে চলা বার্সেলোনা মাসের শুরুতে নিউক্যাসল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযানও শুরু করে জয় দিয়ে। তবে এবারের চ্যালেঞ্জ আরও কঠিন। বার্সার সঙ্গে শেষ চার সাক্ষাতে তিনটিতে অপরাজিত থেকেছে ফরাসি ক্লাবটি।

এক মৌসুম আগে ২০২৪ সালের এপ্রিলে সবশেষ মুখোমুখি হওয়া ম্যাচে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছিল পিএসজি। ওই ম্যাচে খেলেছিলেন বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। এবারের ম্যাচের আগে তিনি বলেন, ‘সেটি কঠিন একটি ম্যাচ ছিল এবং আমরা সেই হারের প্রতিশোধ নিতে চাই। তারা বিশ্বের অন্যতম সেরা দল এবং এ ধরনের ম্যাচই খেলতে চায় সবাই। আমরা মাঠে নামব খেলার আনন্দ উপভোগ করতে। আমাদের জন্য পিএসজির মতো দলগুলোর মুখোমুখি হওয়াটা ভালো। তারা রক্ষণে বসে না থেকে বরং প্রেস করে খেলে। আমি তাদের খেলা দেখতে ভালোবাসি। লুইস এনরিকে একজন সাহসী কোচ, তিনি বলের দখল রাখতে পছন্দ করেন।’ মে মাস থেকে এখন পর্যন্ত ৪৬ গোলের রেকর্ড আর গত ১৩ ম্যাচ ধরে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়েই পিএসজির মুখোমুখি হবেন পেদ্রিরা।