লিটনের ক্ষমা প্রার্থনা
ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক লিটন দাস। তবে দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে তার হৃদয়ের ক্ষত এখনো দগদগে। আসরের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তিনি। এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের জন্য দেওয়া বার্তায় লিটন লেখেন, ‘২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যাজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ সাইড স্ট্রেনের চোটে আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারবেন না লিটন।
চোটে ম্যাক্সওয়েল ও রাচিন
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে চোটের মিছিলে যুক্ত হলেন গ্লেন ম্যাক্সওয়েল ও রাচিন রবীন্দ্র। সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন ম্যাক্সওয়েল, যেতে পারেন রাচিনও। মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে বোলিংয়ের সময় চোট পান ম্যাক্সওয়েল। মিচেল ওয়েলের শটে বল এসে লাগে তার ডান হাতে। স্ক্যানে কবজিতে চিড় ধরা পড়ে। দেশে ফেরত গেছেন তিনি। বদলে ডাক পেয়েছেন জশ ফিলিপে। এছাড়া অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি সীমানায় হোর্ডিংয়ে ধাক্কা খেয়ে মুখে চোট পেয়েছেন রাচিন রবীন্দ্র। সামাজিক যোগাযোগমাধ্যমে মঙ্গলবার এই বাঁহাতি অলরাউন্ডারের মুখে কেটে যাওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড। তিনিও একই মাঠে অনুশীলনের সময় আঘাত পান। এ বছরের শুরুতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফ্লাডলাইটের আলোয় ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন রাচিন। সিরিজ শুরুর আগেই নিউজিল্যান্ডের তাবুতে হানা দেয় চোট। ছিটকে পড়েন অধিনায়ক মিচেল স্যান্টনারসহ আরও অনেকে।
দলে ফিরলেন বাবর-রিজওয়ান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে এ মাসেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে উপেক্ষিত থাকা দুই অভিজ্ঞ তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে আনা হয়েছে এই দলে। সঙ্গে ছাঁটাই করা হয়েছে কিছু খেলোয়াড়কে। তিন অনভিষিক্ত ক্রিকেটার আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম ও রোহাইল নাজিরকেও জায়গা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান লাহোরে প্রথম টেস্ট খেলবে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় টেস্টটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, ২০ থেকে ২৪ অক্টোবর। দুই টেস্টের পর তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দল। সাদা বলের সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষিত হবে পরে।