তড়িঘড়ি করে ঢাকায় ফিরলেন জয়া

দুই বাংলার চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। জন্মভূমি বাংলাদেশ আর পেশাগত জীবন কলকাতার সঙ্গে তার মনের গভীর সম্পর্ক রয়েছে। চলতি শারদীয় উৎসবের প্রথম কয়েকদিন কলকাতা কাটিয়ে নবমীর সকালেই বুধবার ( ১ অক্টোবর) তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন তিনি। জয়ার বাড়িতেও পূজা আয়োজন যথেষ্ট উৎসবমুখর। বিশাল মণ্ডপ, সাজানো প্রতিমা আর দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে চারপাশ। জয়া জানিয়েছেন, ঢাকার পূজায় যোগ দেওয়ার জন্যই কলকাতা থেকে দেশে ফেরার তড়িঘড়ি। 

জয়া বলেন, ‘কলকাতার পূজা দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও হয়েছে।’ দু’দেশের পূজার পার্থক্য নিয়ে জয়া বলেন, ‘হ্যাঁ, কিছুটা তো আলাদা। বাংলাদেশেও বড় আকারের পূজা হয়, খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে। তবে কলকাতার মতো আলাদা রূপ নেই।’