অস্ট্রেলিয়ার মাটিতে ঝড় তুলেছেন ভারতের উদীয়মান ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই যুব টেস্টে তিনি রীতিমতো তাক লাগানো ইনিংস খেলেছেন। প্রথম টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ বলে ১১৩ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। ৭৮ বলে শতক পূর্ণ করা বৈভবের ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা। তার ব্যাটে ভর করেই ভারত ১৫২ রানের জুটি গড়েছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষেই যুব ওয়ানডে সিরিজে ইতিহাস গড়েছেন বৈভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে সর্বাধিক ছক্কার মালিক হয়েছেন। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারিতে ১২ বছর বয়সে রঞ্জি ট্রফিতে আত্মপ্রকাশের পর মাত্র ১৩ বছর বয়স থেকেই ঘরোয়া ক্রিকেটে একের পর এক নজির গড়তে শুরু করেন এই কিশোর প্রতিভা।
২০২৪ সালের নভেম্বরে ১.১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালস তাকে দলে ভেড়ায়। ২০২৫ সালের ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হয়ে যায় আইপিএল অভিষেক। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে জানান দেন ক্রিকেটবিশ্বকে। এরপর ২৮ এপ্রিল ইতিহাস গড়েন মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছে। সেদিন তিনি ৩৫ বলে সেঞ্চুরি করেন, যা আইপিএল ইতিহাসে কোনো ভারতীয়র দ্রুততম শতক।
২০১১ সালের ২৭ মার্চ ভারতের বিহারের সমস্তিপুর জেলার তাজপুর গ্রামে বৈভবের জন্ম। মাত্র চার বছর বয়সে বাবার কাছ থেকে ক্রিকেটের হাতে–খড়ি। নয় বছর বয়সে ভর্তি হন স্থানীয় ক্রিকেট একাডেমিতে, সেখান থেকেই ধাপে ধাপে এগিয়ে এসেছেন ভারতের বয়সভিত্তিক দলে। ছোটবেলা থেকেই নিয়মিত অনুশীলন তাকে বড় মঞ্চে সাফল্যের ভিত গড়ে দেয়। পাশাপাশি বয়সে বড় প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা তার মানসিক দৃঢ়তা তৈরি করে দেয়। এজন্যই তিনি আইপিএলে অমন একটা ইনিংস খেলতে পেরেছেন।
ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা বৈভব সূর্যবংশী এখন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। বিশেষজ্ঞরা বলছেন, বয়স যদি ঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, তবে এই কিশোর ক্রিকেটার ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা হয়ে উঠবেন। বিসিসিআইও তাকে বেশ পরিচর্যা করছে। ধাপে ধাপে প্রস্তুত করে তুলছে জাতীয় দলের জন্য। আর বৈভবের এই পর্যায়ে আসার পেছনে একজন বিখ্যাত মানুষের অবদান আছে। তিনি রাহুল দ্রাবিড়।