বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা জামিল হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডিবির একটি টিম শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহত রাহুল বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সোবাহান সরকারের ছেলে। গ্রেপ্তরকৃত জামিল হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।
ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর তিনি শেরপুরের গাড়িদহ এলাকায় আত্মগোপনে ছিলেন। গত মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডের শিকার হন। পূর্বশত্রুতার জের ধরে এসময় ১০-১২ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।
তিনি আরও জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেওয়া কেন্দ্র করে হত্যাকাণ্ডের প্রধান আসামি জামিল হোসেনের সাথে যুবদল নেতা রাহুল সরকার ও তার চাচা সালামের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই রাহুলকে হত্যা করা হয়।