কুমিল্লার নাঙ্গলকোটে নয় বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বায়েজিদ নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার উপজেলার রায়কোট উত্তর ইউপির লক্ষীপদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বায়েজিদ একই গ্রামের ডাক্তার বাড়ীর পল্লী চিকিৎসক কায়সারের ছেলে। এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) বিকালে শিশুর পরিবার থানায় অভিযোগ দেওয়ার জন্য যান।
শিশুর পরিবার জানায়, ঘটনার দিন বিকালে শিশুটি বাড়ির পাশে খেলতে গেলে বখাটে বায়েজিদ শিশুটিকে একটি পানির সেচ মেশিন ঘরের পাশে ঝোপের ভেতরে নিয়ে পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিয়ে তার মাকে ডেকে অচেতন হয়ে পড়লে অভিযুক্ত পালিয়ে যায়। শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালে ভুক্তভোগী ও পরিবারের সঙ্গে কথা বলেছেন।
স্থানীয়রা জানায়, বায়েজিদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যাবসার সঙ্গে জড়িত সে। এর আগে গাঁজা নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বায়েজিদের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষেয় নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার থানায় আসছেন। অভিযোগ লেখার প্রস্তুতি চলছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।