এলএসডি-খুরা রোগে আর গরু মারা যাবে না: প্রাণিসম্পদমন্ত্রী

এলএসডি ও খুরা রোগে গরু মারা যাওয়ার দিন শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ এএম

ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি জানিয়েছেন, এসব রোগ প্রতিরোধে দেশে পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে। পাশাপাশি কুমিল্লায় স্থাপিত ভ্যাকসিন কারখানায় উৎপাদনও বাড়ানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার রায়ঁচু ঈদগাহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, গত বছর দেশে পাঁচ লাখ ভ্যাকসিন উৎপাদন করা হয়েছিল। চলতি বছর প্রায় ২০ লাখ ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে আমদানি করা প্রতিটি ভ্যাকসিনের দাম ছিল প্রায় ২৫০ টাকা। বর্তমানে দেশে উৎপাদন হওয়ায় প্রতিটি ভ্যাকসিনের দাম ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, দেশীয়ভাবে কম দামে টিকা উৎপাদনের ফলে কৃষক ও গৃহস্থেরা কম খরচে গবাদিপশুকে টিকা দিতে পারবেন। একই সঙ্গে এলএসডি ও খুরা রোগ নিয়ে কৃষকদের আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই। এসব রোগ প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এ সময় দেশের সার মজুত নিয়েও কথা বলেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি জানান, দেশে কয়েক মাসের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি শ্রেণি সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে সারের সংকটের গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

টিকাদান কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

সর্বশেষ সর্বাধিক পঠিত