বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, গত ১৫ বছর ফ্যাসিবাদীদের অন্যায়-অপকর্ম লুটপাটের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আমাদের আন্দোলন-সংগ্রামে একটা সরকারের পতন ঘটেছে। তাদের অনেক লোক দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটা হলো প্রাথমিক বিজয়, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি। সে প্রজাতন্ত্রের মালিকানার একমাত্র উপায় দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে রাজাপুর বাজারে অনুষ্ঠিত নবায়ন কার্যক্রমে ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক মিজানুর রহমান সভাপতিত্ব করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিকে ভাঙার জন্য গত ১৫ বছর ব্যাপক ষড়যন্ত্র হয়েছে কিন্তু তারা সফল হয়নি। তাই দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন মিস্টার, মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর উদ্দিনের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন বিএনপি নেতা হাজী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঞা হুদনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে আবদুল আউয়াল মিন্টু রাজাপুরের বিএনপি নেতা নিজাম উদ্দিন বাচ্চুর কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় সোনাগাজী উপজেলার কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন আব্দুল আউয়াল মিন্টু।