নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন পেসার মারুফা আক্তার। প্রথম ওভারেই তিনি নেন ২ উইকেট। পরে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। তাতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। প্রতিপক্ষের শেষ ৩ উইকেট তুলে নেন স্বর্ণা আক্তার।
গেল মঙ্গলবার ভারতের মাটিতে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান।
নতুন বলে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মারুফা। ডানহাতি এই পেসারের সুইং আর গতিতে ভড়কে যান পাকিস্তানি ব্যাটাররা। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ওমাইমা সোহেলকে বোল্ড করেন। পরের বলেই ফর্মে থাকা সিধরা আমিনের স্টাম্প ভাঙেন এই পেসার। দুই ব্যাটারই শূন্য রানে সাজঘরে ফিরেছেন। দলীয় ২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মুনিবা আলি ও রামিন শামিম। তাদের ৪২ রানের জুটি ভাঙে মুনিবা ৩৫ বলে ১৭ রান করে ফিরলে। তাকে ফেরান স্পিনার নাহিদা আক্তার। এই বাঁহাতি স্পিনারকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ২৩ রান করেন শামিম।
২০ বলে ১৫ রান করা সিদরা নাওয়াজকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া। তাতে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৬৭। ২৬ রানের জুটি গড়ে দলের সংগ্রহ ১০০'র দিকে নেন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। আলিয়াকে (১৩) নিশি এবং সানাকে (২২) ফাহিমা আউট করলে ১০০ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান।
ইনিংসের ৩৩তম ওভারে প্রথম বল করেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার। নিজের প্রথম দুই ওভারে কোন রান না দিয়ে ২ উইকেট নেন স্বর্ণা। তার করা তৃতীয় ওভারটিও ছিল মেডেন। পাকিস্তানের শেষটাও টানেন স্বর্ণা। তার করা তৃতীয় ওভারের প্রথম দুই বলে ৫ রান নেয় পাকিস্তানের ব্যাটাররা। তৃতীয় বলে সাদিয়া ইকবালের উড়িয়ে মারা বল ধরেন ফারজানা হক। ৩.৩ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট নেন স্বর্ণা। দিনা বেগ ১৬ রানে অপরাজিত থাকেন।