'দুবাই থেকে ফিরে আবারও এখানে হটসিটে পাইক্রফট' শুনে হাসলেন শুবমান গিল

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পিএম

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের টসের সময় পরিচিত এক মুখকে দেখে হাসিতে ফেটে পড়লেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। তিনি আর কেউ নন, এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্কের কেন্দ্রবিন্দু ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

টসের মঞ্চে উপস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তিনি মজার ছলে পরিচয় করিয়ে দেন পাইক্রফটকে, “দুবাই থেকে ফিরে আবারও এখানে, হটসিটে—অ্যান্ডি পাইক্রফট।” শাস্ত্রীর এমন পরিচিতিতে হেসে ফেলেন পাইক্রফট নিজেও। আর সেই দৃশ্য দেখে গিলও নিজের হাসি চেপে রাখতে পারেননি।

এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক

গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে আলোচিত হ্যান্ডশেক নাটকের কেন্দ্রবিন্দুতেই ছিলেন পাইক্রফট। ম্যাচ শেষে ভারতের খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে প্রচলিত হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নেন। এটি ছিল সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সংহতি জানানোর অংশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি মেনে নিতে পারেনি। তারা আইসিসিতে অভিযোগ জানায় যে, পাইক্রফট নাকি টসের সময় অধিনায়কদের হ্যান্ডশেক করতে নিষেধ করেছিলেন। পিসিবির দাবি ছিল, এটি খেলাধুলার চেতনার পরিপন্থী এবং পাকিস্তান দলকে বিব্রত করেছে। এমনকি তারা পাইক্রফটকে সরানোর দাবি তোলে এবং ম্যাচ বর্জনের হুমকিও দেয়।

তবে আইসিসি পিসিবির অভিযোগ খারিজ করে পাইক্রফটকে দায়িত্বেই রাখে। যদিও বিতর্কে জড়িয়ে তিনি অযথাই হয়ে উঠেছিলেন রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ এক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু, যা মাঠের ক্রিকেটকেও আড়ালে ফেলে দিয়েছিল।

এবার সেই পাইক্রফটকেই ভারতের টেস্ট সিরিজে দেখে আবারও নতুন করে আলোচনায় এসেছে এশিয়া কাপের সেই হ্যান্ডশেক নাটক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত