গত সপ্তাহের ২০০ টাকার কাঁচা মরিচ এ সপ্তাহে ৩৫০

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে আরও বেড়েছে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম। সারাদেশে বৃষ্টিপাতের অজুহাত দেখিয়ে কাঁচা মরিচের দাম কেজিতে ৩৫০ টাকা ছাড়িয়েছে, যা গত সপ্তাহেও ছিল ২০০ টাকার নিচে। পাশাপাশি বেড়েছে মুরগি ও মাছের দামও।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১৫-২৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতিকেজি বেগুন ১৫০-২০০ টাকা, পটোল ৮০ টাকা, শিম ২০০ টাকা, করলা ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মুলা ৮০ টাকা, শসা ৬০ টাকা ও পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গেন্ডারিয়ার বিক্রেতা হোসেন আলী জানান, পাইকারি বাজারে মরিচের সংকট তৈরি হয়েছে। বৃষ্টিতে ফসল নষ্ট হয়েছে, আবার ভারত থেকেও মরিচ আমদানি বন্ধ। ফলে পাঁচ কেজি মরিচ কিনতে হচ্ছে ১২০০–১৩০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০০–৯০০ টাকা।

সবজি বিক্রেতারা বলছেন, পূজার ছুটি ও বৃষ্টির কারণে সরবরাহ কমায় দাম বাড়ছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, অজুহাতেই দাম বাড়ানো হচ্ছে, এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে।