টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর কাঁচা বাজারে পুরোনো কাঁচামরিচ প্রতি কেজি ৩২০ টাকা এবং নতুন কাঁচা মরিচ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১২০ টাকা কেজির মরিচের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে এই পর্যায়ে পৌঁছেছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগেও নতুন কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা কেজি। আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিতে। টানা বৃষ্টির কারণে অল্প সময়ের ব্যবধানে মরিচের দাম কয়েক গুণ বেড়েছে বলে তাদের দাবি।
কাঁচা মরিচের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম। বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা, ধুন্দল ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায়। এ ছাড়া মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মোশাররফ বলেন, ‘মরিচের বাগানে পানি উঠলে বা টানা বৃষ্টি হলে ফসল রক্ষা করা প্রায় অসম্ভব। অনেক মরিচ পচে গেছে। যা আছে, তা নিয়েই সংকট তৈরি হয়েছে। এ কারণেই মরিচের দাম এত বেশি। তবে আবহাওয়া স্বাভাবিক হলে কিছুদিন পর আবার দাম কমে আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ আগেও আমরা ১২০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। তারও কয়েক দিন আগে বিক্রি করেছি ৮০ টাকা কেজিতে। দুই-তিন দিন আগে দাম হয়েছিল ২৪০ টাকা, আর আজ বিক্রি করতে হচ্ছে ৩২০ টাকা কেজি। টানা বৃষ্টির কারণে শুধু মরিচ নয়, সবজির বাজারেও একই অবস্থা।’
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত