ঈশ্বরগঞ্জে শিকারির জালে ধরা পড়ল সাকার মাছ 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলার কাঁচামাটিয়া নদীতে এক মৎস্য শিকারির জালে ধরা পড়েছে ক্ষতিকর সাকার মাছ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাঁচামাটিয়া নদীতে টাক জালে মাছ ধরার সময় হুমায়ূন কবির নামে এক মৎস্য শিকারির জালে মাছটি ধরা পড়ে।

শিকারি মাছটি প্লাস্টিকের রশি দিয়ে বেঁধে ঈশ্বরগঞ্জ থানার সামনে নিয়ে আসেন। এ সময় জেলে হুমায়ূন কবির বলেন, কাঁচামাটিয়া নদীতে এই জাতের অসংখ্য মাছ রয়েছে। এই প্রজাতির মাছ অন্য মাছ খেয়ে প্রজনন ধ্বংস করছে।

স্থানীয় একাধিক মৎস্য শিকারি জানান, উপজেলার বিভিন্ন খাল-বিল, নদী-নালা ও পুকুরে ক্ষতিকর সাকার মাছ ছড়িয়ে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে মৎস্য দেশীয় মাছ।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এটি রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। এই রাক্ষুসে মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে এ মাছ থাকবে, সেখানে দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলে। কোথাও এ ধরনের মাছ পাওয়া গেলে মাটিতে পুঁতে ধ্বংস করতে বলা হয়েছে।