রাজধানীতে রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে রমনা লেকের পাড়ে জুতা রেখে হাটু পানিতে নেমে ওই লোককে হাতমুখ ধুতে দেখে স্থানীয় কয়েকজন ফটোগ্রাফার। এর কিছুক্ষণ পর একই স্থান দিয়ে তারা যাওয়ার সময় ওই লোককে সেখানে না দেখলেও তার জুতা পড়ে থাকতে দেখেন। তখন সন্দেহ হলে আশপাশে খুঁজাখুঁজি শুরু করেন তাকে। এর কিছুক্ষণের মধ্যেই ওই স্থানেই লেকের পানিতে তার লাশ ভেসে উঠে৷ সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এসআই জানান, সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে তার পরিচয় সনাক্ত করেন। এরপর পরিবারকে খবর দেয় হয়। পরিবার জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন। স্ত্রী, সন্তান কিছুই নেই তার। ইস্কাটন গার্ডেন এলাকায় মায়ের সাথে থাকতেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।