হাতিরঝিল লেকের পাশে পড়েছিল কিশোরীর লাশ

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:৫৬ পিএম

রাজধানীর হাতিরঝিল লেকের পাশ থেকে সাবিনা আক্তার ওরফে আকলিমা (১৭) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ তথ্য নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সকালে খবর পেয়ে হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার পাশে পার্কের পাবলিক টয়লেটের বারান্দা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই কিশোরী ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত। হাতিরঝিল এলাকাতেই ঘোরাফেরা করত। তার শরীরে আঘাতে কোনও চিহ্ন নেই। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে।

পুলিশ জানায়, সাবিনার বাবার নাম জামাল উদ্দিন। বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দারিয়া গ্রামে। অনেক আগে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এবং তারা যে যার মতো থাকেন। আর সাবিনা ভবঘুরে জীবনযাপন করত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত