আর্জেন্টিনা দল ঘোষণা; উভয় সংকটে মেসি-ডি পল

আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। দলে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্ডো কাম্বেসেস।

তবে ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে মেসি-ডি পলের খেলা অনিশ্চিত। এর কারণ, এই ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। ফলে দুই খেলোয়াড়কে নিয়ে দ্বিধায় আছেন কোচ হাভিয়ের মাসচেরানো। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। সময়মতো জানতে পারবেন।’

ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাছাইপর্বে তাদের সব ম্যাচ শেষ হয়ে গেছে। এখন শুধুই বিশ্বকাপ প্রস্তুতির পালা। তারই অংশ হিসেবে ১০ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার পর আর্জেন্টিনা ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে খেলবে পুয়ের্তো রিকোর বিপক্ষে। এদিকে মায়ামির খেলোয়াড় টেলাস্কো সেগোভিয়াও ভেনেজুয়েলা দলে ডাক পেয়েছেন।

অন্যদিকে ইন্টার মায়ামি এমএলএস প্লে-অফ নিশ্চিত করলেও এখনো পূর্বাঞ্চলীয় কনফারেন্সে সেরা অবস্থান পেতে লড়ছে। বর্তমানে দলটি ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ক্লাবটির সামনে এখন সাপোর্টার্স শিল্ড জয়ের সম্ভাবনাও খোলা আছে, তবে এর জন্য শেষ তিন ম্যাচে জয় পেতে হবে এবং প্রতিদ্বন্দ্বী ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারতে হবে শেষ দুই খেলায়।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্ডো কাম্বেসেস (রেসিং)।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লেওনার্দো বালার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), মারকোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মারকোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মোরেনো (পালমেইরাস), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), নিকো পাজ (কোমো), জিওভানি লো চেলসো (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল)।

ফরোয়ার্ড: তিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস গঞ্জালেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুয়ান ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।