ক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলায় নিহত ৪

ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নৌযানে থাকা চারজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

পোস্টে হেগসেথ বলেন, ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি এই হামলা চালানো হয়। তিনি হামলার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, ঢেউ পেরিয়ে দ্রুতগতিতে চলা একটি ছোট নৌকা হঠাৎ বিমান হামলায় আগুনে পুড়ে ছারখার হয়ে যায়।

হেগসেথের দাবি, নিহতরা ‘নারকো-সন্ত্রাসী’ এবং নৌকাটি বিপুল পরিমাণ মাদক বহন করছিল। তিনি জানান, নৌযানটি আমেরিকায় বিপুল পরিমাণ মাদক পাচার করছিল। যা আমাদের জনগণকে বিষাক্ত করার ষড়যন্ত্র। চারজন পুরুষ নারকো-সন্ত্রাসী নিহত হয়েছে। কোন মার্কিন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, নৌকাটিতে এত পরিমাণ মাদক ছিল যা দিয়ে ২৫ থেকে ৫০ হাজার মানুষকে মেরে ফেলা সম্ভব।