সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আসন্ন টিসিভি টিকা ক্যাম্পেইনসহ সকল প্রকার কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য সাতক্ষীরায় কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।

শনিবার (৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্যরা।

তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে- বেতন বৈষম্য নিরসন, নিয়োগ বিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেটে প্রতিকরণ, টেকনিকাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেট প্রদান।

সংগঠনটির জেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহিদ, স্বাস্থ্য সহকারী শারমিন নাহার, এস. এম. নূর ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহিদ ও স্বাস্থ্য সহকারী রনজিত কুমার ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন তারা। এখন পর্যন্ত  কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখা হবে। একই সাথে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।