শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে। এ ঘটনায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরা থানার আইনশৃংখলা অবনতির জন্য তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী জাজিরা থানার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন। তারই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও মিছিল করে থানা এলাকায় লোকজন নিয়ে গোপন মহড়া করেন তিনি। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নেতাকর্মীরা কুণ্ডেরচর এলাকার ফিরোজ খার বাড়িতে গিয়ে অবস্থান নেয়। সেই সংবাদের প্রেক্ষিতে আবার অভিযান চালালে সেখান থেকে কৌশলে তারা পালিয়ে যান।
এ ঘটনায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করায় ১ অক্টোবর ৬৫ জনকে আসামি করে পুলিশ জাজিরা থানায় একটি মামলা করেন। মামলায় ২ নম্বর আসামি করা হয় মিথুন ঢালীকে। ৩ অক্টোবর দুপুরে একটি বিদেশি মোবাইল নাম্বার থেকে জাজিরা থানার ওসি মাইনুল ইসলামের মোবাইল ফোনে তাকে (ওসি) ও অন্তর্বর্তীকালীন সরকার মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট করে নেতাকর্মীদের উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে একটি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন। পাশাপাশি দেশে থেকে নেটের মাধ্যমে বিদেশি একটি নম্বর দিয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছেএন। আমি জিডি করেছি। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় অভিযুক্ত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।