দেশের ক্রিকেটে তার গায়ের পাশে তকমা লেগে আছে ‘টেস্ট বিশেষজ্ঞ’ ব্যাটসম্যানের। টি-টোয়েন্টি দূরে থাক জাতীয় ওয়ানডে দলের পাইপলাইনেও বিবেচনা করা হয় না তাকে। সেই সাদমান ইসলামই কি না হাঁকিয়ে দিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশালের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে ৫৯ বলে এ কীর্তি গড়েন সাদমান।
সেই সঙ্গে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ ব্যাটিং উপহার দেন মাহফিজুল ইসলাম রবিন। দুজন মিলে উদ্বোধনী জুটিতে মেট্রোকে এনে দেন ১৭৭ রান। ৪৯ বলে ৭৯ রান করে থামেন ৯ চার ও ২ ছক্কা হাঁকানো রবিন। সাদমান সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি। ৬১ বলে ১১ চার ও ৪ ছক্কায় করেন ১০১ রান। তাতে মেট্রোর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৭ রান। বরিশালের ইফতেখার হোসেন ইফতি শিকার করেন ৪ উইকেট।
এর আগে দিনের প্রথম ম্যাচে আবু হাশিমের হ্যাটট্রিকের পরও রাজশাহীর কাছে ৪ উইকেটে হারতে হয়েছে রংপুর বিভাগকে। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে সোহান, মেহেরব ও প্রীতমকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।