সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় গাড়িতে থাকা চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে অন্য একটি গাড়ির যাত্রী ১ মিনিট ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ডাকিতর ঘটনা ঘটে। মহাসড়কে এমন ডাকাতির ঘটনায় সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কের নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ২৫ থেকে ৩০ বছর বয়সী ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারের গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। ডাকাতদের পরনে লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই ছিল। যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকার দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে আহতদের দেখা যায়। আহত পাঁচজনের মধ্যে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত এক বৃদ্ধও ছিলেন। ধারণা করা হচ্ছে, অস্ত্রের আঘাতে বা ভাঙা কাঁচের টুকরো লেগে তারা আহত হয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তবে তা যমুনা সেতু পশ্চিম থানা এলাকার অধীনে হওয়ায় তারা ব্যবস্থা নেবেন।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ভিডিওটি আমরাও দেখেছি, ভিডি দেখে মহাসড়ক ঘুরছি, জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। তবে ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে। সনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।