হাতিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে  প্রকল্প বাজার এলাকা থেকে ঐ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জাফর উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চুরির দায়ে জাফর (১৮) নামক এক যুবককে শুক্রবার রাতে সালিশের বৈঠকের কথা বলে আটক করে স্থানীয় সোহেল নামের এক ব্যক্তি। জাফর গত সপ্তাহে বিএনপি নেতা সোহেল মাহমুদের বাড়িতে মাসিক চুক্তিতে দিনমজুরের কাজ শুরু করে। তিন দিন কাজ করে সে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় সোহেল মাহমুদের বাড়ি থেকে তাদের ঘরের আলমারির চাবি, মোবাইল চার্জার ও আসবাবপত্র জাফর চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলি বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজার এলাকায় নিয়ে যায় সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সেখানে তার বাবাকেও ডাকা হয় এবং চুরির বিষয়টি জানানো হয়। একপর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও জাফরকে প্রকল্প বাজারে আটকে রেখে হুমকি-ধমকি ও নির্যাতন করা হয়। শনিবার সকালে প্রকল্প বাজারের প্রধান সড়কের পাশে গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জাফরের বাবা মো. জাকেরের অভিযোগ করেন, ‘আমার ছেলেকে চুরির দায়ে আটক করে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ছেলে যদি অপরাধ করে থাকতো তাকে আমি শাসন করতে পারতাম। তারা আমার ছেলেকে কেন আমার হাতে ছেড়ে দেয়নি। কেন আটকে রেখেছে? এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের চাই।’ 

এই ঘটনায় বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, ‘আজ সকালে আমি ঘুম থেকে উঠে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। এর থেকে বেশি কিছু আমি জানিনা।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’