নোয়াখালীতে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মানিক্য নগর গ্রামে সাইমুন (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।

শনিবার দুপুরে (৪ অক্টোবর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইমুন আমিশা পাড়া ইউনিয়ন মানিক্যনগর আমজাদ বেপারি বাড়ির প্রবাসী মিজানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মানিক্য নগর গ্রামের বাসিন্দা কলেজছাত্র সকালের নাস্তা করে দুটি মেয়ের সঙ্গে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি তার জেঠি জুবাইদা খাতুন টের পেয়ে তাৎক্ষণিকভাবে গলার রশি কেটে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সাইমুমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থলে দুটি মেয়েকেই সোনাইমুড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করে। এদের মধ্যে একজন তার প্রেমিকা ছিল বলে জানায় তারা। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা বলেন, আমাদের এ বিষয়ে বক্তব্য দেওয়ার অনুমতি নেই। আমি ওসি স্যারের সঙ্গে কথা বলে জানাচ্ছি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।