শ্রীপুরে বকেয়া বেতন না পেয়ে ফের শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবোরোধ করেন। শনিবার সকালে বরমী ইউনিয়নের শিমুলতলী গ্ৰামের গার্ডেনিয়া কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি স্বাভাবিক করে। শ্রমিকদের সাথে কথা বলে তাদের সড়ক থেকে সরানো হয়। এর আগে অন্তত ৪ ঘণ্টা বরমী শ্রীপুর সড়ক অববোধ করে রাখা হয়।

শ্রমিকরা জানান, গত ১৮ সেপ্টেম্বর আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা না দিয়ে কারখানা ছুটি দিয়ে দেয়। এরপর বকেয়া বেতন পরিশোধের নতুন তারিখ দেয়। ওই তারিখ অনুযায়ী আবারো বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সর্বশেষ বিক্ষোভের মুখে গত ৩০ সেপ্টেম্বর বকেয়া পরিশোধের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ওই তারিখেও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। বরং ৪ অক্টোবর টাকা পরিশোধের নতুন তারিখ ঘোষণা করা হয়। তারিখ অনুযায়ী ৪ অক্টোবর সকালে শ্রমিকরা কারখানার ফটকে নতুন নোটিশ দেখতে পান।

ওই নোটিশে লেখা ছিল ৭ অক্টোবর বকেয়া বেতন পরিশোধ করে ৮ অক্টোবর থেকে কারখানা চালু করা হবে। নতুন নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা আবারও বিক্ষুব্ধ হয়ে পড়েন। খবর পেয়ে শ্রীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উভয়পক্ষের সঙ্গে কথা বলে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। শ্রীপুর শিল্প পুলিশের (শ্রীপুর সাব জোন) ওসি আবদুল লতিফ বলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাসের পর শ্রমিকেরা তাদের বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করেন।