‘টেস্ট বিশেষজ্ঞ’ সাদমানের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি

দেশের ক্রিকেটে তার গায়ের পাশে তকমা লেগে আছে ‘টেস্ট বিশেষজ্ঞ’ ব্যাটসম্যানের। টি-টোয়েন্টি দূরে থাক জাতীয় ওয়ানডে দলের পাইপলাইনেও বিবেচনা করা হয় না তাকে। সেই সাদমান ইসলামই কি না হাঁকিয়ে দিলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শনিবার বরিশালের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা মেট্রোর হয়ে ৫৯ বলে এ কীর্তি গড়েন সাদমান। মেট্রো ম্যাচ জেতে ৯৬ রানে। এর আগে দিনের প্রথম ম্যাচে আবু হাশিমের হ্যাটট্রিকের পরও রাজশাহীর কাছে ৪ উইকেটে হারতে হয়েছে রংপুর বিভাগকে। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে সোহান, মেহেরব ও প্রীতমকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

সেই সঙ্গে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ ব্যাটিং উপহার দেন মাহফিজুল ইসলাম রবিন। দুজন মিলে উদ্বোধনী জুটিতে মেট্রোকে এনে দেন ১৭৭ রান। ৪৯ বলে ৭৯ রান করে থামেন ৯ চার ও ২ ছক্কা হাঁকানো রবিন। সাদমান সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি। ৬১ বলে ১১ চার ও ৪ ছক্কায় করেন ১০১ রান। তাতে মেট্রোর সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৯৭ রান। বরিশালের ইফতেখার হোসেন ইফতি শিকার করেন ৪ উইকেট, বাকি দুটি রান আউট। রান তাড়ায় মেট্রোর পাহাড় পেরোতে গিয়ে মুখ থুবড়ে পড়ে বরিশাল। কোনো উল্লেখযোগ্য জুটি না হওয়ায় ১০১ রানেই গুটিয়ে গিয়ে ৯৬ রানে হারতে হয়। সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমেদ। মারুফ মৃধা ৩টি, আবু হায়দার রনি ও রাকিবুল হাসান ২টি উইকেট নেন।

প্রথম ম্যাচে আগের দিনেই জয় পাওয়া রংপুর আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ওর মাঝেই ইকবাল হোসেনের ৫০, অধিনায়ক আকবর আলীর ২৮ ও নাঈম ইসলামের ২০ রানের পরও ১৪৩ রানেই গুটিয়ে যায় রংপুর। এ তিন জন ছাড়া আর কেউই দু অঙ্ক ছুঁতে পারেননি। সাব্বির হোসেন শিকার ধরেন তিনটি, মেহরব ও পায়েল নেন দুটি করে। রান তাড়ায় বাঁহাতি স্পিনার হাশিমের হ্যাটটিকে ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজশাহী। এর পর সাব্বির রহমানের ৩৫ রানের ইনিংসে কিছুটা স্বস্তি ফেরে। শাখির হোসেন শুভ্রর সঙ্গে তিনি জুটি গড়েন ৭২ রানের। বাকি রানটুকু পরের জুটিতে তোলেন শুভ্র ও নিহাদ উজ জামান। শেষে শুভ্র অপরাজিত ছিলেন ৫২ ও নিহাদ ২৭ রানে। সুবাদে দুই বল বাকি থাকতে লক্ষ্য ছোঁয় রাজশাহী। রংপুরের আবু হাশিম ৪ উইকেট শিকার করেন। এতে ৬ ম্যাচে রংপুরের সমান ৫ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান টেবিলে ষষ্ঠ। তাদের এক ধাপ ওপরেই আছে রংপুর। ৭ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো উঠে এসেছে টেবিলের চার নম্বরে। আসরে এখনো জয়ের মুখ না দেখা বরিশালের অবস্থান তলানিতে।