উভয়সংকটে মেসি-ডি পল

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা শীর্ষে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তাই ২০২৬ বিশ্বকাপ আসরের আগে বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নেবে আলবিসেলেস্তেরা। এই অক্টোবরে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় কোচ লিওনেল স্কালোনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলকিপার ফাকুন্দো কাম্বেসেস।

১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে ১০ অক্টোবর মেসি-ডি পলের জাতীয় দলের হয়ে খেলা অনিশ্চিত। কারণ, এই ম্যাচের পরদিনই মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ আছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। ফলে দুই খেলোয়াড়কে নিয়ে দ্বিধায় আছেন কোচ হাভিয়ের মাশচেরানো। সংবাদ সম্মেলনে মায়ামি কোচ বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। সময়মতো জানতে পারবেন।’

ইন্টার মায়ামি এমএলএস প্লে-অফ নিশ্চিত করলেও এখনো ইস্টার্ন কনফারেন্সে সেরা অবস্থান পেতে লড়ছে। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তারা। ক্লাবটির সামনে এখন সাপোর্টার্স শিল্ড জয়ের সম্ভাবনাও খোলা আছে, তবে এর জন্য শেষ তিন ম্যাচে (আজ ভোরে হওয়া ম্যাচসহ) জয় পেতে হবে এবং প্রতিদ্বন্দ্বী ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারতে হবে শেষ দুই খেলায়।

আর্জেন্টিনা স্কোয়াড

গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্ডো কাম্বেসেস

ডিফেন্ডার : গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মারকোস সেনেসি, লাউতারো রিভেরো, মারকোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো

মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকো পাজ, জিওভান্নি লো সেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার

ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, লিওনেল মেসি, হুয়ান ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ