মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্ক ছুঁতে পারেননি মিচেল মার্শ, করেছিলেন ৮৫। দ্বিতীয় ম্যাচটি মাত্র ১৩ বল খেলার পর প- হয়। তবে গতকাল সিরিজ নিজেদের করে নেওয়ার পথে মিচেল মার্শ আর ভুল করলেন না। খুনে ব্যাটিংয়ে প্রথমবার পেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ। টস হেরে আগে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ১৫৬ রান। জবাবে মার্শের অপরাজিত ১০৩ রানে অস্ট্রেলিয়া জেতে ৩ উইকেট ও ২ বল হাতে রেখে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৯ ম্যাচ খেলে ১৬টি জিতল অস্ট্রেলিয়া। দুটি হেরেছে তারা, পরিত্যক্ত হয় একটি। লক্ষ্য তাড়া করতে নেমে একপ্রান্ত আগলে রেখে দলকে টানতে থাকেন মিচেল মার্শ। মার্শকে কিছুটা সঙ্গ দেন ওয়েন (১৪) ও শন অ্যাবট (১৩*)। মার্শ ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৮ চার ও ছক্কায় ৫২ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি মার্শের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি ছিল আইপিএল ও বিগ ব্যাশে। দেশের জার্সিতে মার্শের আগের সেরা ইনিংস ছিল ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৯২।
তার আগে ব্যাট করতে নেমে টিম সেইফার্টের ৩৫ বলে ৪৮ এবং মিচেল ব্রেসওয়েলের ২৬, জিমি নিশামের ২৫ রানে ভর করে ১৫৬-তে থামে নিউজিল্যান্ড। শন অ্যাবট নেন ৩ উইকেট। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন মিচেল মার্শ। ১৯ অক্টোবর থেকে ভারতের সঙ্গে তিন ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।