৩ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন পর ভজন রাজবংশী নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ অক্টোবর) ভোরে উপজেলা ঢালিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ভজন রাজবংশী (৫৫) সিংগাইরের চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের বাসিন্দা। ৩ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে মাছ ধরতে গিয়ে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হন তিনি।

নিহতের ছোট ভাই ভজো রাজবংশী বলেন, শুক্রবার রাতে একসঙ্গে মাছ ধরছিলাম। হঠাৎ দেখি ভাইয়ের নৌকা একা ভাসছে, কিন্তু তিনি নেই। সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করি, তবে অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাইনি।

তিনি বলেন, ভাই দীর্ঘদিন ধরে জেলে পেশার সঙ্গে যুক্ত এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ওই দিন ওষুধ সেবনের পরই তিনি নদীতে মাছ ধরতে নামেন। অসুস্থতা বা অসাবধানতাজনিত কারণে তিনি নৌকা থেকে পড়ে যান এবং সবার অগোচরে তলিয়ে যান। পরদিন শনিবার সকাল থেকে সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও এতে অংশ নেন কিন্তু ব্যর্থ হয়। অবশেষে রবিবার ভোরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।