একান্নতেও লাস্যময়ী কেট

 

টাইটানিকখ্যাত হলিউড তারকা কেট এলিজাবেথ উইন্সলেট আজ পা রাখলেন জীবনের ৫১তম বছরে। ১৯৭৫ সালের আজকের দিনে (৫ অক্টোবর) ইংল্যান্ডের ব্যারকশায়ারে জন্মগ্রহণ করেন অস্কারজয়ী এই অভিনেত্রী। বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো লাস্যময়ী তিনি। কেট উইন্সলেটের পেশাগত অভিনয় জীবন শুরু হয় ১৯৯১ সালে বিবিসির হয়ে শিশুদের একটি সায়েন্স ফিকশনের মধ্য দিয়ে। 

এরপর মাত্র সতেরো বছর বয়সে তিনি ‘হেভেনলি ক্রিয়েচার’ নামে একটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। যার গল্প আবর্তিত হয়েছিল দুজন মেয়ের একটি নৃশংস হত্যাকান্ডকে ঘিরে। এরপরই পরিচালক জেমস ক্যামেরুনের নজরে পড়েন। সে সুযোগ কাজে লাগিয়ে কেট হয়ে ওঠেন দুনিয়ার অন্যতম দর্শকনন্দিত নায়িকাদের একজন। তার অভূতপূর্ব অভিনয়ে ‘টাইটানিক’ ছবিটিও ইতিহাসের অংশ হিসেবে জায়গা করে নেয়। 

শৈশব থেকে চলচ্চিত্র, নাটক ও গানের প্রতি ছিল তার তীব্র ভালোবাসা। এ ভালোবাসা থেকেই কেট পরবর্তী সময় নাট্যকলার ওপর লেখাপড়া করেন। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শেখার জন্য তিনি ‘রেডরফ থিয়েটার’ স্কুলে ভর্তি হোন। এমনকি হেভেনলি ক্রিয়েচার চলচ্চিত্রে অভিনয়ের জন্য কেট ১৭৫ জন মেয়ের সঙ্গে প্রতিযোগিতা করে জয়ী হন এবং এ ছবিতে কাজের সুযোগও পান। পরে ছবিটি ৫১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়।