ধোনির নেতৃত্বে খেলতে পারেননি, তাই আফসোস রয়ে গেছেন সূর্যের মনে

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার সুযোগ না পাওয়ায় ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের মনে আফসোস রয়ে গেছে। এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

ধোনি প্রসঙ্গে সূর্যকুমার বলেন, 'আমি সবসময় চাইতাম, ভারতীয় দলে থাকাকালীন ধোনির অধীনে খেলতে। কিন্তু সেই সুযোগ কখনও হয়নি। আইপিএলে ওর বিপক্ষে খেলেছি। ওকে দেখে যা শিখেছি, তা হলো চাপের সময় শান্ত থাকা, চারপাশ দেখে সিদ্ধান্ত নেয়া।'

তিনি আরও বলেন, 'যখন বিরাট ভাইয়ের অধীনে অভিষেক হলো, তখন বুঝতে পারলাম উনি কতটা কঠোর একজন অধিনায়ক। সব সময় খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে চেয়েছেন। মাঠে এবং মাঠের বাইরে দু’ জায়গাতেই উনি খুবই এনার্জেটিক (স্বতঃস্ফূর্ত)।'

২০১০ সালে মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২১ সাল পর্যন্ত। ভারতের হয়ে প্রথমবার মাঠে নামেন আহমদাবাদে, ইংল্যান্ডের বিপক্ষে। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ধোনি নেতৃত্ব ছাড়েন এর আরও কয়েকবছর আগেই।