টাকার জন্যই এই সমস্যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের, বলছেন অধিনায়ক

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে একের পর এক ব্যর্থতার পর মুখ খুলেছেন রোস্টন চেজ। ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে ইনিংস ও ১৪০ রানে হারের পর তিনি খোলাখুলি বলেছেন ক্যারিবীয় অঞ্চলে "অবকাঠামোগত সমস্যা" এবং ধারাবাহিক "অর্থসংকট" দলকে ভোগাচ্ছে। 
চেজ বলেন, 'সিস্টেমগুলো কিছুটা দুর্বল, বিশেষ করে প্রশিক্ষণ সুবিধার দিক থেকে। তবে আমি এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না। রান আর উইকেট তোলার দায়িত্ব শেষ পর্যন্ত খেলোয়াড়দেরই নিতে হবে।'

এ বছর ওয়েস্ট ইন্ডিজ ছয় টেস্টের মধ্যে হেরেছে পাঁচটিতে। জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২৭ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডও গড়েছে তারা। ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে প্রথম ইনিংসে ১৬২ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় তারা।
চেজ বলেন, 'ক্যারিবীয় অঞ্চলে টাকা-পয়সার সংগ্রাম স্পষ্ট। যদি কোনো সহায়তা পরিকল্পনা থাকে, আশা করি আমরা তা পাবো, যাতে অবকাঠামো শক্তিশালী করা যায়।'

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসের পেছনে নিজস্ব কন্ডিশনকেও দায়ী করেন তিনি। 'আমাদের পিচগুলো ব্যাটসম্যানদের জন্য উপযোগী নয়। দীর্ঘ ইনিংস খেলার সুযোগ খুব একটা থাকে না। তাছাড়া আউটফিল্ড খুব ধীর, ফলে শট খেললেও রান তুলতে কষ্ট হয়। এজন্যই ব্যাটসম্যানদের গড় এত নিচু।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ সিরিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার ক্যারিয়ারে এটাই প্রথমবার হলো যে তিন ম্যাচের কোনো সিরিজে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পেল না। গত দুই সিরিজ ধরেই আমরা ভয়াবহ ব্যাটিং করছি।'

চেজ বলেন, 'টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে যদি প্রথম দিনটাই ব্যাট করতে না পারো, তাহলে সবসময়ই বিপদে পড়বে। আহমেদাবাদে আমরা ভালো শুরু করতে পারিনি, কোনো পার্টনারশিপ গড়তে পারিনি। ফলে ম্যাচে আর ফেরত আসা হয়নি।'
এছাড়া শামার জোসেফ ও আলজারি জোসেফ ইনজুরিতে থাকায় এবং জেসন হোল্ডার চিকিৎসার কারণে সিরিজে না থাকায় বোলিংয়েও ভুগছে দল। খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগ ও একাধিক ফরম্যাটে খেলার চাপের প্রসঙ্গও টানলেন চেজ।

'এখন অনেক বেশি ক্রিকেট হচ্ছে। যারা সব ফরম্যাট খেলে, তাদের বিশ্রামের সুযোগ নেই। আবার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেও তারা জীবিকা নির্বাহ করছে। তাই একে দোষারোপ করাও কঠিন। তবে ফিটনেস ধরে রাখা, সঠিক ফরম্যাট বেছে নেওয়া—এসবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ', বলেন তিনি।