এবার জয়ের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে শনিবার সেঞ্চুরি করেন ‘টেস্ট বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত ওপেনার সাদমান ইসলাম। গতকাল সেঞ্চুরি করেছেন টেস্টে তারই উদ্বোধনী জুটির পার্টনার মাহমুদুল হাসান জয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১৪ রান করা চট্টগ্রাম বিভাগ ৯৯ রানে হারিয়েছে স্বাগতিক সিলেট বিভাগকে। আর এই হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের। একই মাঠে আরেক ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছে খুলনা বিভাগ। ছয়টি করে ম্যাচ শেষে ৯ পয়েন্টে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে চট্টগ্রাম বিভাগ। সমান ৯ পয়েন্টে দুইয়ে খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন জয় ও মুমিনুল হক। ৩ ছক্কায় ১৯ বলে ৩২ রানের ইনিংসের পর থামেন মুমিনুল। আরেক প্রান্ত ধরে রেখে ৫৯ বলে তিন অঙ্ক ছোঁন জয়। ইনিংসে হাঁকান ৯ ছক্কা ও ৫ চার। আউট হন ৬৩ বলে ১১০ রান করে। ২ ছক্কায় ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর। তার ইনিংসে ছিল ৪টি চার, ২ ছক্কা। সিলেটের তোফায়েল আহমেদ নেন ৩ উইকেট। জবাবে অমিত হাসানের ৪০ আর আবু জায়েদ রাহীর ৩৭ রানের ইনিংস দুটো ছাড়া সিলেটের বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬৬ থেকে ৭৯ রানের মধ্যে ফেরেন ৭ ব্যাটসম্যান। মোহাম্মদ রুবেল তিনটি, আহমেদ শরীফ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন। তাতে সিলেট গুটিয়ে যায় মাত্র ১১৫ রানেই।

টস জিতে আগে ব্যাট করা খুলনা তোলে ৭ উইকেটে ১৮৬ রান। ওপেনিংয়ে ভালো শুরুই পেয়েছিল খুলনা। ৫১ রানের জুটি ভাঙে ইমরানুজ্জামান ফিরলে। ২৮ বলে ৩৪ করেন তিনি। জাতীয় দলে সুযোগ পেয়েও ভিসা জটিলতায় যেতে না পারা সৌম্য খেলেন ২৪ রানের ইনিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ২৮ বলে ৪১ আর আফিফ হোসেনের ২৪ বলে ৪৫ রানে পুঁজি পায় খুলনা। জবাবে ঢাকার ইনিংস থামে ৯ উইকেটে ১৬৯ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৪৭ রান। এ ছাড়া শিবলির ২৩, সুমন খানের ৯ বলে ২১ শুধু হারের ব্যবধানই কমিয়েছে। খুলনার জিয়াউর রহমান নেন ২৮ রানে ৪ উইকেট। ব্যাট হাতে অপরাজিত ১৭ করা জিয়াই হন ম্যাচসেরা।