বার্সেলোনার বড় হার

সুযোগ ছিল রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের শীর্ষে ওঠার। কিন্তু পেনাল্টি মিস করলেন রবার্ট লেভানডফস্কি। উজ্জীবিত পারফরম্যান্সে বার্সেলোনাকে উড়িয়ে দিল সেভিয়া। গতকাল প্রতিপক্ষের মাঠে লা লিগা ম্যাচে ৪-১ গোলে হেরেছে হানসি ফ্লিকের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আট ম্যাচে অপরাজিত থাকার পর টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বার্সা। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। চোটে আক্রান্ত লামিন ইয়ামাল ও রাফিনহাকে ছাড়া খেলতে নামে কাতালানরা।

সেভিয়ার রোমেরোকে বার্সার ডিফেন্ডার রোনালদ আরাউহো বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। ১৩ মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন সানচেজ। ৩৬ মিনিটে বাঁদিক থেকে রুবেন ভার্গাসের পাস বক্সে পেয়ে প্রথম শটে গোল করেন ২৫ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড ইসাক রোমেরো। প্রথমার্ধের যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্যবধান কমান রাশফোর্ড। ৭৩ মিনিটে আলেহান্দ্রো বালদে বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক বাইরে মেরে হতাশ করেন লেভা। ৯০ মিনিটে ডান পায়ের শটে গোল করে সেভিয়ার ব্যবধান বাড়ান হোসে আনহেল কারমোনা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের চতুর্থ গোলটি করেন অ্যাকর অ্যাডামস। রিয়াল ২১ পয়েন্টে শীর্ষে, ১৯ পয়েন্টে দুইয়ে বার্সা।