১৫ ক্লাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নির্বাচন করবেন ইফতেখার মিঠু

‎আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে ১৫ ক্লাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মুক্ত হয়ে গেছেন ইফতিখার রহমান মিঠু। যেহেতু তার ক্লাব ভাইকিংস দুদকের পর্যবেক্ষণে ছিল এবং আদালতের রায়ে নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, তাই ইফতিখার রহমান মিঠুর বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র আপনা-আপনি বাতিল হয়ে গিয়েছিল। রবিবার আদালত আবার ১৫ ক্লাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার সঙ্গে সঙ্গে মিঠুর মনোনয়নও বৈধতা পেয়েছে।

‎মিঠু নির্বাচন করবেনও। রাতে একটি অনলাইন গণমাধ্যমকে বিদায়ী বোর্ডের পরিচালক মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'যেহেতু আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি, তাই ১৫ ক্লাবের স্থগিতাদেশ প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আমার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। আমার নির্বাচন করতে কোন বাঁধা নেই। আমি নির্বাচন করবো।'

‎মিঠুকে নিয়ে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক পদে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫: আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, ইশতিয়াক সাদেক, শাহনিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফয়জুর রহমান মিতু, মঞ্জুরুল আলম, আদনান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফায়জুর রহমান ভুঁইয়া, আহসানুর রহমান মল্লিক রনি, রাকিবউদ্দীন ও নাজমুল।

‎৭৬ জন কাউন্সিলর সোমবার এই ১৫ জনের মধ্য থেকে ১২ জনকে নির্বাচন করবেন।
 

‎এ ছাড়া ক্যাটাগরি ১ থেকে ৪ জন এবং ক্যাটাগরি ৩ থেকে একজন পরিচালক নির্বাচনে ভোট হবে।