বিস্ফোরক দাবি: রোহিতকে না সরালে ‘দলীয় সংস্কৃতি’ নষ্ট হতো!

অস্ট্রেলিয়া সফর সামনে রেখে ওয়ানডের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টেস্টের পাশাপাশি ওয়ানডেতেও এখন নেতৃত্ব দেবেন শুবমান গিল। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা। এর মাঝেই ‘টাইমস অব ইন্ডিয়া’ এক বিস্ফোরক দাবি করেছে যে, রোহিতকে অধিনায়ক রাখলে দলীয় সংস্কৃতি ব্যহত হতো।

বিসিসিআইয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যমটি জানিয়েছে, ‘রোহিতের মতো একজন সিনিয়র তারকা যদি কেবল ওয়ানডে দলের অধিনায়ক থাকতেন, তাহলে তিনি নিজের দর্শন অনুযায়ী ড্রেসিংরুম চালাতেন। কিন্তু এই সময়ে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ সবচেয়ে কম খেলা হয়। ফলে এতে দলের সার্বিক সংস্কৃতি ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল।’

বর্তমানে ভারতীয় দলে কোচ গৌতম গম্ভীরের প্রভাব অনেক বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, গম্ভীর শুরুতে কিছুটা ব্যাকফুটে থাকলেও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর দলীয় সিদ্ধান্তে আরও দৃঢ়ভাবে যুক্ত হন। এছাড়া বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারও বলেছেন, ‘তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা বাস্তবিকভাবে সম্ভব নয়।’

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে অবশ্য জায়গা পেয়েছেন ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে বিসিসিআইয়ের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গম্ভীর ও আগারকর দুজনেই চান দলকে এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে। কারণ দুই সিনিয়র ব্যাটার রোহিত-কোহলি উভয়েই বয়সের ভারে ফর্ম হারানোর ঝুঁকিতে আছেন।

কিছুদিন আগে রোহিত ও কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাটও ছেড়েছেন। তাদের ছাড়া ইংল্যান্ডে দুটি টেস্ট জিতেছে ভারত, যা নতুন নেতৃত্বে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিসিসিআইয়ের সেই সূত্র বলেছে, ‘রোহিত ও কোহলি দুজনের বয়সই ত্রিশের কোটার শেষভাগে। আগামী দুই বছরে তাদের ফর্ম হঠাৎ পড়ে গেলে সেটা দলের নেতৃত্ব কাঠামোয় বিশৃঙ্খলা তৈরি করত।’