সামির কথায় সমরজিৎ-প্রিয়াংকার ‘সত্যি ভালোবাসি’

সম্প্রতি প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপের দ্বৈত মৌলিক গান ‘সত্যি ভালোবাসি’। গানটির কথা লিখেছেন মিজানুর রহমান সামি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ রায়।

দ্বৈত গানে ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ। শুদ্ধ সঙ্গীত প্রসারিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শাস্ত্রীয় ধারার এই শিল্পীদ্বয়।

সমরজিৎ রায় বলেন, গানের প্রতি যাদের বিশেষ ভালো লাগা আছে চেষ্টা করেছি তাদের পছন্দমতো মিষ্টি প্রেমের গান তৈরি করার। আমাদেরকণ্ঠে সবাই শাস্ত্রীয় ধারার গানগুলোই শুনতে অভ্যস্ত। তবে এবার একটু ব্যতিক্রম ঘটেছে। গানের পাশাপাশি ভিডিওটিও সবার পছন্দ হবে বলে আশা করছি।

প্রিয়াংকা গোপ বলেন, আমাদের গানের জন্য যারা অপেক্ষায় থাকেন তারা আশা করি ভীষণ সুন্দর একটি গান উপহার পেয়েছেন। গানটির কথাগুলো ভীষণ সুন্দর। সবাই গুনগুন করবেন।

গীতিকার মিজানুর রহমান সামি বলেন, ‘সত্যি ভালোবাসি’ গানটি লিখে বেশ ভালো লেগেছে। প্রেমের গান লিখতে সবসময়ই ভালো লাগে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। মিষ্টি প্রেমের গান তারা সবসময় পছন্দ করেছেন।

‘সত্যি ভালোবাসি’ গানটি প্রকাশিত হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বিনোদ রায়ের স্টুডিওতে রেকর্ডকৃত গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু। মিক্সিং ও মাস্টারিং করেছেন গৌতম বসু। ভিডিও দৃশ্যধারণে শেখ সাদী এবং ভিডিও সম্পাদনায় ছিলেন প্রেম প্রকাশ কর্ণ।