‘নির্বাচনে প্রতিযোগিতা করবে, কিন্তু প্রতিহিংসায় যাবে না জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমরা আগামী জাতীয় নির্বাচনে প্রতিযোগিতা করবো, কিন্তু প্রতিহিংসায় যাব না। 

জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, আমরা ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে তাদেরকেই স্বাগত জানাবো।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসনভিত্তিক নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দেখেছি— ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বামপন্থী দলগুলোসহ সব দলের নেতারা একসঙ্গে বসেছেন। আগামীর বাংলাদেশ এমনই হবে। সবার রাজনৈতিক আদর্শ নিজ নিজ দলের কাছে থাকবে, কিন্তু দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই এক থাকবো। আমরা ফ্যাসিবাদবিরোধী সব দলকে বলেছি— আমরা সবাই মিলে ফ্যাসিবাদ সরিয়েছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি।

মাওলানা আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্টরা চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের যেসব রং ও রূপ রয়ে গেছে, সেগুলো বিচ্ছিন্ন করে দিতে হবে। এজন্য মানুষকে বোঝাতে হবে। তাদের কাছে আমাদের আবেদন থাকবে— ন্যায় ও ইনসাফের প্রতীক হলো দাঁড়িপাল্লা।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে এখন আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে— জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অতীতের তকমা কেউ আর বিশ্বাস করে না। এই বিশ্বাসের ফল আমরা পেয়েছি ডাকসু ও জাকসুতে। এই বিশ্বাসের ফল আগামীর বাংলাদেশেও দেখা যাবে। এজন্য অহংকার শতভাগ বর্জন করতে হবে।

পঞ্চগড়-১ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জেলা প্রচার বিভাগের সেক্রেটারি শাহিদুল ইসলাম, শহর আমির জয়নাল আবেদীন, সদর উপজেলা আমির শফিউল ইসলাম প্রমুখ।

এ সময় আসনভিত্তিক শতাধিক নির্বাচনী দায়িত্বশীল অংশগ্রহণ করেন।