কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার বিকেল ৫টায় দাউদকান্দি পৌরসদর ও গৌরীপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলীকে ‘খুনি’ আখ্যা দিয়ে তার বিচার দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি গৌরীপুর-হোমনা সড়ক হয়ে বাজার থেকে গৌরীপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারী, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল বাসেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সভাপতি আসিফ কবির প্রমুখ।
দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম ও সওগাত চৌধুরী পিটারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সুন্দলপুর ইউনিয়ন বিএনপি নেতা খন্দকার আরিফের নেতৃত্বে সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহিদনগরে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২৪ সালের গণআন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যাসহ বিএনপি নেতাকর্মীদের ওপর হওয়া নির্যাতনের বিচার করতে হবে এবং মোহাম্মদ আলী সুমনের দ্রুত বিচার কার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।
এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর গ্রেপ্তারের খবরে তার নিজ গ্রাম জুরানপুরে মিষ্টি বিতরণ করেছেন উপজেলা কৃষকদল নেতা আহমেদ তালুকদার।
উল্লেখ্য, রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশের একটি দল দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।