সিলেটে মোটরসাইকেল আরোহী ২ তরুণ নিহত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই তরুণ প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকালে সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানার চর মোহাম্মদপুর গ্রামের সুফিয়ান ইসলাম নাহিদ (২০) ও দক্ষিণ সুরমার সায়েম আহমদ (১৫)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, নাহিদ ও সায়েম সিলেট থেকে মোটরসাইকেলে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে সিলেটগামী একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাহিদ ও সায়েম মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’