চাকরির বাজারে গবেষকদের চাহিদা বাড়ছে। এই সময়ে গবেষণা একটি বৈচিত্র্যময় ক্যারিয়ার। যাদের জানার আগ্রহ আছে, নিরিবিলি কর্মপরিবেশে কাজ করতে চান তারা গবেষণাধর্মী কাজ বেছে নিতে পারেন। লিখেছেন সাজিদ ইমতিয়াজ
একজন গবেষকের জানার আগ্রহ থাকতে হয়। পাশাপাশি একটি গবেষণাধর্মী মন লাগবে। নতুন নতুন জিনিস অনুসন্ধানেও আগ্রহ থাকতে হবে। একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে চাইলে, সেটিতে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। অ্যাকাডেমিক শিক্ষা আপনাকে সেই বিষয়ের ওপর প্রাথমিক জ্ঞান এনে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বিভিন্ন গবেষণা নিবন্ধ পড়তে হবে। কীভাবে রিচার্জ আর্টিকেল খুঁজতে হয় তা জানতে হবে। এ ছাড়া স্নাতক পর্যায়ে গবেষণার ওপর নানা কোর্সওয়ার্ক থাকে। সেখান থেকেও চাইলে গবেষণার মৌলিক ধারণাগুলো পাওয়া যায়। গবেষণা নিয়ে বিভিন্ন সেমিনার হয়, সেখানে অংশগ্রহণ করতে হবে। এ ছাড়া বিভিন্ন শর্টকোর্স তো আছে। আপনি ইন্টারনেট বা ইউটিউব ঘাঁটলেও গবেষণার প্রাথমিক বিষয়গুলো জেনে যাবেন। কীভাবে গবেষণা শুরু করতে হয় কিংবা কীভাবে একটি গবেষণা নিবন্ধ লিখতে হয় কিংবা জার্নালে কীভাবে পাঠাতে হয়। গবেষক হতে চাইলে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়ই এই কাজে আস্তে আস্তে অংশগ্রহণ বাড়াতে পারেন। প্রয়োজনে শিক্ষকদের গবেষণা সহকারী হিসেবে কাজ করুন।
চাকরির বাজার
বিদেশে গবেষকদের জন্য চাকরির সুযোগ অনেক বেশি। বেতন কয়েক লাখ টাকা পর্যন্ত হতে পারে। সেখানে অনেক গবেষক বাসায় থেকেই কাজ করেন। তবে ল্যাবভিত্তিক গবেষণার কাজ প্রতিষ্ঠানে গিয়ে করতে হয়। এ ছাড়া অন্যান্য ব্যবসায়িক, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও গবেষক কিংবা অ্যানালিস্ট রয়েছে। দেশে সরকারির পাশাপাশি অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে ছোট-বড় প্রায় সব প্রতিষ্ঠানেই গবেষণা বিভাগ বা ইউনিট রয়েছে। দেশের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা-ইন্স্যুরেন্স, ফার্ম, দেশি-বিদেশি এনজিও ইত্যাদিতেও গবেষকদের কাজ করার সুযোগ রয়েছে। এ ছাড়া আমাদের দেশে অনেক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা, দুর্নীতি, মানবাধিকার, জলবায়ু, পোশাক খাত, পরিবেশ, স্বাস্থ্য, কৃষিসহ নানা বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা করে থাকে। সিপিডি, টিআইবি, বিআইএসএস, বিপস, বিইআই, আসক, রামরু, ব্র্যাক, ব্রি, সুজন, সিএমইএস, বাংলাদেশ মানবাধিকার সংস্থা, জানিপপ এসব সুপরিচিত প্রতিষ্ঠান তো আছে। এসব প্রতিষ্ঠানে ফেলো ও গবেষক হিসেবে কাজ করার দারুণ সুযোগ। সম্মানীও যথেষ্ট ভালো। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ করার সুযোগও পেয়ে থাকেন। গবেষকরা চাইলে বিভিন্ন প্রজেক্টে স্বল্পমেয়াদে গবেষক বা গবেষণা সহকারী হিসেবে কাজ করতে পারেন।
চাকরি খুঁজবেন যেভাবে
গবেষণা প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে চাকরির খোঁজ পাবেন। এ ছাড়া অনলাইন জব পোর্টালগুলোতে গবেষক পদের চাকরির বিজ্ঞপ্তি মেলে। আর বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতে সেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটসহ সেখানে কাজ করে এমন লোকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাবে কাজ করতে অধ্যাপক বা ল্যাব কো-অর্ডিনেটরদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। লিংডইন, টুইটারে বিভিন্ন ল্যাবের অ্যাকাউন্ট রয়েছে। সে ল্যাবগুলো ফলো দিয়ে রাখতে হবে।
আয়রোজগার
দেশি প্রতিষ্ঠানগুলোতে গবেষণা সহকারী হিসেবে কাজ করলে বেতন ২০-৩০ হাজার টাকা। তবে দেশে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রিসার্চ অফিসার হিসেবে বেতন ৭০ হাজার থেকে লাখ টাকা। এ ছাড়া পরিবহন, বাসস্থান, বোনাসসহ অন্যান্য সুবিধা তো আছেই। গবেষকরা বিদেশ সফরের সুযোগও পেয়ে থাকেন। প্রাথমিক অবস্থায় সিনিয়র কোনো গবেষকের অধীনে থেকে এই কাজ শিখে নিতে পারেন।
লেখক : ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর