তারাকান্দায় ইউপি সদস্য খুন বড়াইগ্রামে বৃদ্ধাকে হত্যা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।

তারাকান্দা থানা-পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদ্রাসাপড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। তারা হলেন কছিম উদ্দিন (৫৫) ও আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, জামাল উদ্দিন এলাকাবাসীর কাছে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ ছিল না। তবে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদ্রাসার জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। তাদের ধারণা, এই জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকা- ঘটেছে।

এদিকে, নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৬৮) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়ি থেকে তার শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নাক-মুখ থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই মহল্লার মৃত শফিউল্লাহর স্ত্রী।