সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। বান্ধবী চায়না সুয়ারেজ ও তার স্টাইলিস্ট হুয়ানমা কাতিভা-এর সঙ্গে সম্প্রতি তিনি মাদ্রিদ ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তোলা নিজের একটা ছবি পোস্ট করে তিনি তুরস্কের ক্লাব গালাতাসারে-এর সমর্থকদের রোষের মুখে পড়েছেন।
ইনস্টাগ্রামে ইকার্দির পোস্ট করা ছবিতে দেখা যায়— ৩২ বছর বয়সী তারকা পিঠ ফিরে দাঁড়িয়ে আছেন, কোমরে শুধু তোয়ালে, ক্যাপশনে লেখা ছিল ‘মাদ্রিদ’ এবং একটি কালো হার্ট ইমোজি। ছবিটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে। গালাতাসারে সমর্থকদের একাংশ একে ‘অপেশাদার আচরণ’ হিসেবে দেখছেন। অনেকেই লিখেছেন, ‘তুমি মাঠে আগের মতো পারফর্ম করছ না, অথচ ছুটি কাটানোর ছবি দিচ্ছ!’
ইকার্দি বর্তমানে চোটের সঙ্গে লড়ে সুস্থ হওয়ার পথে আছেন। তবে সমর্থকদের অভিযোগ, তিনি পুনর্বাসনের চেয়ে বিনোদনে বেশি সময় দিচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘৯০ কেজি ওজন নিয়ে আবার ছুটিতে? এটা পেশাদার মানসিকতা নয়।’ আবার কেউ লিখেছেন, ‘বিশ্রামের ছবি নয়, তোমার জিমের ছবি দেওয়া উচিত।’
বিতর্কে যোগ দিয়েছেন ক্লাবের কিংবদন্তি ফুটবলার হাসান শাসও। তিনি ইউটিউব চ্যানেল ‘স্পোরঅন’-এ দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘ইকার্দি ও লিরয় সানে—দুজনকেই বলব, ছুটি কাটানোর সময় নয়। দলের প্রতি দায়িত্বশীল হতে হবে। চার দিনের ছুটি থাকলেও ক্লাবে থেকে অনুশীলন করাই উচিত।’তার এই মন্তব্যের পর বিষয়টি আরও বড় হয়ে গেছে। তবে ইকার্দি এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। সমালোচনার তোয়াক্কা না করে মাদ্রিদে তিনি জমিয়ে শপিং ও ঘোরাঘুরি করছেন।
এদিকে ইকার্দির ব্যক্তিগত জীবনেও কিছুটা স্বস্তি ফিরেছে। সাবেক স্ত্রী ওয়ান্ডা নারা ও ম্যাক্সি লোপেজ কর্তৃক দায়ের করা একটি মামলায় আদালত সম্প্রতি ইকার্দির পক্ষে রায় দিয়েছে। সব মিলিয়ে মাঠের বাইরে যতটা আলোচনায়, মাঠে তার পারফরম্যান্স এখন ততটাই প্রশ্নের মুখে। গালাতাসারে সমর্থকদের প্রত্যাশা—ইকার্দি আবার ফিরে আসবেন তার পুরোনো লড়াকু রূপে, ইনস্টাগ্রামে নয়, মাঠে গোল উদ্যাপনের ছবিতে।