আয়োজন রয়েছে আজও

সাগর কন্যা মেতেছে প্রবারণা উৎসবে

পটুয়াখালীর সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় প্রতি বছরের ন্যায় এবারও ভাবগাম্ভীর্যে ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা পালন করছে বৌদ্ধধর্মাবলম্বীরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে ফানুস উড়িয়ে প্রথমদিনের উৎসবে পালন করে এ অঞ্চলে বৌদ্ধধর্মাবলম্বীরা।

এই দিন সকালে ৭টায় পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্যে দিয়ে দিনটির সূচনা করেন তারা। পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকদের দান করেন বৌদ্ধ ধর্মের বয়স্ক নারী পুরুষরা।

আকাশে উড়াতে দুইটি ফানুস তৈরি করা হচ্ছে। ছবি: প্রতিনিধি

কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের উপাধাক্ষ্য ইন্দ্র বংশ ভান্তে জানান, প্রবারণা উৎসবকে ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিস্কার ও নতুন সাজে রুপ দিয়েছি। সোমবার তেথে ৩১ কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক  ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে শেষ হবে প্রথমদিনের প্রবারনা উৎসব।

মিশ্রীপাড়া সিমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচি তালুকদার বলেন, এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম উৎসব। এ উৎসবকে ঘিরে নানা বয়সি মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। জগতের সবার মঙ্গল কামনা করছি।

কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধ বিহারের উত্তম ভিক্ষু বলেন, আজ থেকে আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করে প্রবারণা উৎসব পালন করে আসছে। আজকের এ উৎসবে চাওয়া হল জাগতিক সবাই ভালো থাকুক। কারো অমঙ্গল না হোক।

এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীর হাতে লণ্ঠন। ছবি: প্রতিনিধি

উৎসবটি ঘিরে রাখাইনপাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। এছাড়া মহিপুর থানার কালাচানপাড়া, মিশ্রীপাড়া, কেরানীপাড়া, আমখোলা, নয়াপাড়া, বৌলতলীপাড়াসহ বিভিন্ন পাড়ায় এ উৎসবটি পালিত হয়েছে।