গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মান্দি (গারো) সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান উৎসব ওয়ানগালা।
শুক্রবার (২০ নভেম্বর) পৌরশহরের কেওয়া পূর্বখণ্ড গ্রামে ‘কেওয়াচালা ওয়ানগালা ২০২৬’ নামে এ উৎসবের আয়োজন করা হয়। রাতে ছিল বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।
কেওয়াচালা ওয়ানগালা ২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে গারো সংস্কৃতির নানা পরিবেশনা তুলে ধরা হয়। মঞ্চে মান্দি ভাষায় কবিতা ও গান পরিবেশনের পাশাপাশি গানের তালে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এর আগে সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন কেওয়াচালা ও গাজীপুরের বিভিন্ন এলাকার নৃগোষ্ঠীর লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘এই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। তাদের আমরা ভিন্ন সংস্কৃতির মানুষ বলে মনে করি না। তারা আমাদেরই মানুষ। সবাইকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। একে অন্যের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাব।’