শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় দায়িত্ব: তারেক রহমান

শিক্ষকদের ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক শিক্ষকদের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এ মহাসমাবেশের আয়োজন করে।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে জ্ঞান ও গবেষণার বিস্তারের ওপর। আর শিক্ষকগণই হচ্ছেন সেই ভিত্তি নির্মাতারা। তাই শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করলে জাতি কখনোই শক্ত ভিত্তিতে দাঁড়াতে পারে না।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থা সংস্কারের জন্য একটি ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করা হবে। একই সঙ্গে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, “আজকের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে। এই বাস্তবতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও ব্যবহারিক হতে হবে। শিক্ষকরা যদি নিজেই নিরানন্দ জীবনে থাকেন, তাহলে তাদের কাছ থেকে সৃষ্টিশীল প্রজন্ম আশা করা যায় না।”

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষকতা যেন আর ‘বিকল্প পেশা’ না হয়, বরং এটি যেন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এজন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, বেতন কাঠামো ও সম্মাননা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।”

তারেক রহমান প্রস্তাব দেন, জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় পর্যায়ে স্কুল ও কলেজ শিক্ষকদের আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক করা উচিত, যাতে সমাজে তাদের প্রতি সম্মান আরও সুদৃঢ় হয়।

শিক্ষকদের চাকরি জাতীয়করণ ও বেতন কাঠামো উন্নয়ন বিষয়ে তিনি বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি আমরা নীতিগতভাবে সমর্থন করি। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও জাতীয়করণের বিষয়টি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে।”

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শিক্ষকদের দাবি-দাওয়া বিএনপির ৩১ দফার কর্মসূচির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা নৈতিক ও আধুনিক নাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে পারে।”

অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া সভাপতিত্ব করেন এবং অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ অন্যান্য শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।