ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল, ফ্র্যাঞ্চাইজির যোগ্যতা নিয়ে কঠোর বার্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নর্বনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভাতেই বিপিএল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানিয়েছেন, 'যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর-জানুয়ারি, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিপিএল আয়োজনের লক্ষ্যে এগিয়ে যাব।' 

মোস্তফা কামাল থেকে নাজমুল হাসান পাপন হয়ে ফারুক আহমেদ, কারো সময়েই বিপিএল নিয়ে ইতিবাচক তেমন কোন কিছু খুঁজে পাওয়া যায়নি। না হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের উন্নতি, না হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাধ্যমে ক্রিকেটের বিস্তার। ভুইফোঁড় লোকজনের পকেট হয়েছে ভারী, আর কইয়ের তেলে কই ভেজে গণমাধ্যমে চেহারা দেখিয়েছে একদল প্রতারক, যাদের কাছে বিসিবি'রই অনেক টাকা পাওনা। 

এবারে বিপিএল নিয়ে কঠোর অবস্থানে যাবার ঘোষণা দিয়েছেন ইফতেখার রহমান মিঠু , 'আমরা যে ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট)টা পাঠাব সেখানেই লেখা থাকবে (ব্যাঙ্ক গ্যারান্টি) এবং এটা নির্দেশনা দেবে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানি (আইএমজি)। বিশ্বের সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি লিগ যেভাবে চলে, যেভাবে ম্যানেজ করা হয় আমরা সেভাবেই করব। এখন আমি একটা দায়িত্বশীল জায়গায় আছি, যে নিয়ম ক্রিকেট বোর্ড করবে সেটা থেকে একচুল মিঠু ভাই সরে না, আপনারা দেখেছেন। আমি এটা বলতে পারি, বার্তাটা স্পষ্ট। আমরা যে যোগ্যতা নির্ধারণ করে দিয়েছি, এর চেয়ে কম হলে আমরা নিব না।'

বিপিএলে অতীতে যেটা নির্লজ্জ ভাবে দেখা গেছে সেটা হচ্ছে স্বার্থের সংঘাত। বোর্ড প্রেসিডেন্টের মেয়ে দলের মালিক থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট সহ একাধিক পরিচালক যে প্রতিষ্ঠানে কর্মরত, তাদের মালিকানার দল বিপিএলে পেত অন্যায্য সব সুবিধা। এমন স্বার্থের সংঘাত কি আবারও হবে, এমন প্রশ্নই রাখা হয়েছিল রংপুর রাইডার্স এর টিম ডিরেক্টর ও নব নির্বাচিত বিসিবি পরিচালক শানিয়ান তানিম বলেছেন, 'প্রথমত আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদের দায়িত্ব দেয়া হয়েছে, আমি কোনসময় এই দায়িত্বে যেতে চাই না কারণ রংপুর রাইডার্স আমার সন্তানের মত। আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্স থেকে দূরে সরে যেতে চাই না। আমি আমার সীমাবদ্ধতা জানি, একজন বোর্ড পরিচালক হিসেবে আমি জানি আমি কতটুক পর্যন্ত অবদান রাখতে পারব। রংপুর রাইডার্সের জন্য আমার অবদান ততখানিই হবে যতটুকু আমি বোর্ডের জন্য করব। আমি আগে যেভাবে সম্পৃক্ত থেকেছি সেভাবে হয়তো সম্পৃক্ত থাকতে পারব না। আমি হয়তো দল গড়া এবং সিদ্ধান্ত নেয়ার জায়গায় থাকব তবে আমি জানি কোথায় সীমারেখা টানতে হয়।'