আফ্রিকা অঞ্চলের ৬ দল চূড়ান্ত হবে

আফ্রিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ৮ দল আর প্লে-অফ খেলে আরও একটি দল কাটতে পারে টিকিট। ৮ দেশের মধ্যে দুটি এরই মধ্যে নিশ্চিত হয়েছে, মরক্কো ও তিউনিশিয়া। এবারের ফিফা উইন্ডোতে (৬-১৪ অক্টোবর) বাকি ৬ দল নিশ্চিত হয়ে যাবে। কোন দল আফ্রিকা অঞ্চল থেকে প্লে-অফ খেলার দৌড়ে থাকতে পারে সেটিরও ধারণা পাওয়া যাবে। আজ থেকে শুরু আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই রাউন্ড।

আট রাউন্ড শেষে ‘ই’ গ্রুপে মরক্কো এবং ‘এইচ’ গ্রুপে তিউনিশিয়া শীর্ষস্থান নিশ্চিত করেছে। বাকি দুই রাউন্ড শেষে তারাই থাকবে শীর্ষে। আফ্রিকা অঞ্চল থেকে গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর দ্বিতীয় স্থানে থাকা সেরা চার দল খেলবে প্লে-অফ রাউন্ড, যা নকআউট পদ্ধতিতে হবে, সেখানে জয়ী দল আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ পাবে।

‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে মিসর। মোহামেদ সালাহর দেশ দ্বিতীয় স্থানে থাকা বুরকিনা ফাসোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। ফলে বাকি দুই ম্যাচ থেকে একটি জয় বা ড্রও সালাহদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারে। ‘বি’ গ্রুপে ডিআর কঙ্গোর চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে সেনেগাল। তাদের পরবর্তী দুই ম্যাচ দক্ষিণ সুদান ও মৌরিতানিয়ার বিপক্ষে। ‘সি’ গ্রুপে সমান ১৪ পয়েন্ট করে বেনিন ও দক্ষিণ আফ্রিকার। ১১ পয়েন্ট নিয়ে নাইজেরিয়া আছে তিনে। বেনিন ও নাইজেরিয়ার নিজেদের মধ্যে একটি ম্যাচ আছে। দক্ষিণ আফ্রিকার দুটি ম্যাচ রাওয়ান্ডা ও জিম্বাবুয়ের বিপক্ষে। এই গ্রুপ থেকে কোন দল যেতে পারে তা আগে ধারণা করা কঠিন। ‘ডি’ গ্রুপে কেপ ভার্দে দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে। ফলে বিশ্বকাপে যাওয়ার দৌড়েও তারাই এগিয়ে।

‘এফ’ গ্রুপের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এই দুই রাউন্ডে। আইভরি কোস্ট ২০ আর গ্যাবনের পয়েন্ট ১৯। এই গ্রুপ থেকে অন্য কোনো দলের যাওয়ার সম্ভাবনা নেই। তবে শেষ দুই ম্যাচে পয়েন্ট হারালেই বিপদ হবে আইভরি কোস্ট ও গ্যাবনের জন্য। ‘জি’ গ্রুপে আলজেরিয়া শীর্ষে আছে উগান্ডার চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আর শেষ রাউন্ডে আলজেরিয়া মুখোমুখি হবে উগান্ডার। ফলে পথ না হারালে আলজেরিয়া যাবে বিশ্বকাপে তা বলাই যায়। দলটিতে এরই মধ্যে যোগ দিয়েছেন জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। গোলকিপার লুকা দলকে বিশ্বকাপে নেবেন এমনটি প্রত্যাশা ভক্তদের। ‘আই’ গ্রুপে ঘানা মাদাগাস্কারের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে। তাদের শেষ দুই ম্যাচ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর কমোরোসের বিপক্ষে। আগের দেখায় কমোরোসের বিপক্ষে হেরেছিল ঘানা। ফলে তিন পয়েন্টে এগিয়ে থাকলেও তাদের ভাগ্য নির্ধারিত হবে শেষ দুই রাউন্ডেই।