গাইবান্ধায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এনামুল শেখ (২০) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  

নিহত এনামুলের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। এনামুল শেখ স্থানীয় ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে এনামুল বাড়ির পাশে ঠুসি জাল বসিয়ে ধানক্ষেতে মাছ ধরতে যান। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয়। প্রথমে বিষয়টি তিনি টের না পেলেও বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেলে শরীরে বিষক্রিয়া দেখা দেয়। পরিবারের লোকজন দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর ভর্তির আগেই তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান।

তিনি জানান, সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।