মাউশির মহাপরিচালক নিয়োগ প্রত্যাহারের দাবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে কর্মরত অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে দায়িত্বে থাকা মহাপরিচালকের মেয়াদ চলমান থাকা অবস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা “অসম্মানজনক ও অবমাননাকর”।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মীর ইসহাক হাসান ইখলাস, আফরিন জান্নাত আঁখি, মাহমুদুল হাসান বিবেক, শাহরিয়ার বায়েজিদ, ইমরান হাসান, আরেফীন ইসলাম সাকিব, আল আমিন রুহানি, ইমন হাসান সামী ও শামসুদ্দিন সোলাইমান প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান মহাপরিচালকের দায়িত্বকাল চলমান থাকা অবস্থায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ প্রশাসনিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী। এটি শিক্ষা প্রশাসনের মর্যাদা ও পেশাগত স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে।

তারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রত্যাহার করে বর্তমান মহাপরিচালককে স্বপদে বহাল রাখার দাবি জানান।