অভিষেক শর্মাকে আউট করা ৩ বলের ব্যাপার, ধৃষ্টতা পাকিস্তানি পেসারের

ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে মাত্র তিন বলেই আউট করতে পারবেন—এমন সাহসী দাবি করেছেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার ইহসানউল্লাহ খান। ২২ বছর বয়সী এই পেসার সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তানের হয়ে খেলেছিলেন। এরপর চোট ও খেলার বাইরে থাকার কারণে জাতীয় দলে আর জায়গা পাননি।

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ইহসানউল্লাহ বলেন, “যদি আমি ভারতের বিপক্ষে খেলি এবং অভিষেক শর্মাকে বল করার সুযোগ পাই, তাহলে সে আমাকে মারতে পারবে না। তাকে আউট করতে আমার মাত্র তিন বলই যথেষ্ট।”

তবে এই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ, ইহসানউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মুখোমুখি কখনো হননি। চারটি টি-টোয়েন্টি খেলে জাতীয় দল থেকে ছিটকে পড়েন তিনি। এমনকি একসময় ২৪ ঘণ্টার মধ্যে অবসরের ঘোষণা দিয়ে আবারও মাঠে ফেরেন।

অভিষেক শর্মা কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বোলারদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছেন। ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেন ১১০ রান। সুপার ফোরে তাঁর ব্যাটে আসে বিধ্বংসী ইনিংস—৬টি চার ও ৫টি ছয়ে পাকিস্তান বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দেন তিনি।

পুরো টুর্নামেন্টে অভিষেকের ব্যাট থেকে আসে ৩১৪ রান, গড় ৪৪.৮৫; ছিল তিনটি অর্ধশতক, ৩২টি চার ও ১৯টি ছক্কা। যদিও ফাইনালে তিনি ব্যর্থ হন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে আলাদা মাত্রা দিয়েছে।

ফলে ইহসানউল্লাহর দাবি অনেকের কাছেই নিছক দম্ভ হিসেবে ধরা দিচ্ছে। পাকিস্তানের ক্রিকেটে এমন আত্মবিশ্বাসী মন্তব্য নতুন কিছু নয়। এশিয়া কাপ শুরুর আগে সাবেক পেসার তানভির আহমেদ দাবি করেছিলেন, সাঈম আইয়ুব নাকি বুমরাহকে ছয় বলে ছয় ছক্কা মারতে পারেন! অথচ টুর্নামেন্টে সাঈম ছয় ইনিংসে করেন চারটি ‘ডাক’, হয়ে যান টুর্নামেন্টের সবচেয়ে ব্যর্থ ব্যাটারদের একজন।